Monday, March 13, 2017

রঙিন চশমা









যারা সত্য বলেছিল
তারা কোন পুরস্কার পায়নি
তালিকাভুক্ত হওয়ার মত
যথেষ্ট স্নেহপদার্থ
ছিল না তাদের জীবন যাপনে
চোখে ছিল না রঙিন চশমা
চাঁদকে তারা সূর্য বলেনি
অথবা অমানুষকে ঈশ্বর
তারা এক ঘরে একা হয়েছে
একা--একাতর----এবংএকাতম
তারা বিদ্রোহ করেনি
অধরোষ্ঠের সংগমে , প্রসারণে
ফুটিয়েছে উদাসীন উপেক্ষা
তারা বিপ্লব করেনি স্লোগানময়
দৃঢ়বদ্ধ চোয়ালে শুধু চলে গেছে
আলোকিত নক্ষত্রের পথে
একাই--- সত্য সাথে৷
একদিন বহুযুগ পরে
পৃথিবী আসর সাজায় তাহাদের তরে
বিজ্ঞাপনময়
পৃথিবীর বয়স বাড়ে
সত্য বিজ্ঞাপিত হয়৷

বোশেখ – ব্যথা



কৃষ্ণচূড়ার দৃপ্তশাখায়
জাগলো যখন বোশেখ – ব্যথা
তেপান্তরের মাঠের ছায়ায়
তুমিও একা আমিও একা ।
একটা নদী আমার নামে
পাঠিয়ে দিলাম তোমার দেশে
জোয়ার ভাটার হেলাফেলায়
উজান বেয়ে মাঝির বেশে
আসতে পার, মন যদি চায়
শীতের শেষে পত্রঝরায়
মাঠের পাশে কাশ আঁকবো
ধুলোর কাঁকড় সরিয়ে দিয়ে ।
কাপাস তুলোর নরম আদর
চাঁদের আলোয় ডুবিয়ে নিয়ে
জ্যোৎস্না ক্ষতে প্রলেপ দেবো
মেঘের ঘরে হাত বাড়িয়ে।
মাটির জীবন  মিশবে ধুলোয়
জন্মবীজও  মাটির নীচে
কৃষ্ণচূড়ার ছন্দ শিখে
লাল ছড়াব আকাশ দ্বীপে
সন্ধ্যা যখন, পাখির সাথে
ফিরবো বাড়ি গহন বনে
একলা আমি গান শোনাব
একলা তোমায় আপনমনে

কফিন



  যারা কোনদিন আসবে বলেনি
  তাদের জন্যেই,  মায়া আঁচল পেতে রাখে
  ভোরের পৃথিবী।
 কুয়াশা ভেজা পথে,
 মৌন  কফিনের নামফলক ভেঙে
 উধাও দু-এক শিশিরআখর
 তির্যক সূর্যালোকে ।

 যারা একদিন ছিল,
 ছিল প্রবলভাবে
 আগুনে ও উত্তাপে
 জল-মাটি-বাতাসের সংযোগে,সদ্ভাবে
 তারা চলে গেছে
 চলে গেছে  বহুদূরে
 মলিন স্বাক্ষর রেখে
 শ্যামল  বৃক্ষমূলে
  জমা রেখে যাবতীয় দীর্ঘশ্বাস
পাতার  আড়ালে থাকা গভীর কোটরে

এইসব মমিদেহ ঘিরে
এখন প্রেতনাচন সময়ের
প্রবল উল্কাপাতের শোকে
ধারালো , আরো ধারালো হয় ইস্পাত
শীতল থেকে শীতলতম মৃত্যু ঘনায়
পাহাড় ও উপত্যকায়
অব্যর্থ ভবিতব্য হয়ে

মানুষের পালে
শুধু ভিড় বাড়ে
জান্তব গন্ধ ছড়িয়ে।

সিপিয়া রঙ সময়



সময়ের রঙ এখন সিপিয়া
এই সিপিয়া রঙের সময়ে
কোন কথা বোলো না
চুপ করে থাকো আর
চোখে রাখো নিরীহ নিরীক্ষণ
সতর্ক শ্বাপদের মতো
পার করো প্রহরার ক্ষণ
সমস্ত প্রশ্নচিহ্ন
বিকলাঙ্গ ভাসিয়ে দাও
প্রশ্নহীন আনুগত্যে
নতজানু সভ্যতার কাছে
শোন, কথা বোলো না
দেখো, কথা বোলো না
গুণে রাখো পাতাদের অসহায় খসে পড়া
তারাদের অকাল পতন
শস্যক্ষেত্র জ্বলে গিয়ে বধ্যভূমি হওয়া
ভুলে যাওয়া অনাবিল স্বাধীন চারণ
এই বিপ্রতীপ সত্য সব
আগুন ও লাভা হয়ে
জমা থাক বুকের ভেতর

ইতিহাসের  পাতায় লিখো
অসহ্য উদগীরণ
ঘুমন্ত আগ্নেয়গিরির
জ্বলন্ত স্বাক্ষর।